প্রকাশ : ... | ... | ...

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা–এর ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ এলাকাকে পৌরসভা ঘোষণার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে হায়দরগঞ্জ বাজার ব্যবসায়ী ও নাগরিক কমিটির উদ্যোগে বটতলা এলাকায় সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা “ঐতিহ্যবাহী হায়দরগঞ্জ এলাকাকে পৌরসভা চাই”—এই শ্লোগান দেন। মানববন্ধন শেষে হায়দরগঞ্জ নাগরিক সমাজের প্রতিনিধি মো. লিটন, মো. ওয়াশিম, মুরাদ হোসেন, ঝর্ণা বেগম, খোরশেদ আলম লিটন ও মাহবুবুল কবির সুমনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি লক্ষ্মীপুর জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রদান করা হয়। জানা যায়, ৯ দশমিক ৯ বর্গকিলোমিটার আয়তন নিয়ে ১৯৯৪ সালের ২০ জানুয়ারি রায়পুর পৌরসভা গঠিত হয়। বর্তমানে ৭টি মৌজা ও ৭টি ওয়ার্ড নিয়ে প্রথম শ্রেণির এই পৌরসভায় প্রায় ৪৫ হাজার মানুষের বসবাস। রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকাকে স্থানীয়ভাবে উপশহর হিসেবে পরিচিত করা হয়। মেঘনা উপকূলীয় এই অঞ্চলটি শিক্ষা, কৃষি—বিশেষ করে পান, সুপারি, সয়াবিন ও ধান উৎপাদন—মৎস্যসম্পদ, বিশেষ করে মেঘনার ইলিশ, জনসংখ্যা, স্বাস্থ্য সচেতনতা, ধর্মীয় সম্প্রীতি এবং আইনশৃঙ্খলার দিক থেকে সমৃদ্ধ হিসেবে পরিচিত। বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা এ এলাকা পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন বলেও বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, হায়দরগঞ্জ উপশহরকে পৌরসভায় উন্নীত করার বিষয়ে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. লিটন, ওয়াশিম বেপারি, মুরাদ হোসেন, ঝর্ণা বেগম, খোরশেদ আলম লিটন ও মাহবুবুল কবির সুমনসহ অনেকে। বক্তারা জানান, হায়দরগঞ্জ উপশহরকে পৌরসভা ঘোষণা করা না হলে ভবিষ্যতে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং রায়পুর–হায়দরগঞ্জ মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।