লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২১ জুন) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি তার চাচা শ্বশুর ছিলেন। পারিবারিক সূত্র আরও জানায়, রোববার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মোশাররফ হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জাসদ (ইনু) এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।