লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারচেষ্টার অভিযোগে একটি হিফজ মাদ্রাসার প্রধানকে আটক করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৯ জুলাই) রাত প্রায় ১০টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার এলাকার দিঘুলী রাস্তার মাথায় অবস্থিত পপুলার আইডিয়াল হিফজুল কোরআন মাদ্রাসা থেকে মাওলানা আব্দুল আহাদকে আটক করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ৯টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত কক্ষে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে জড়িয়ে ধরে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের অবহিত করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাওলানা আব্দুল আহাদকে হেফাজতে নেয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।