প্রকাশ : ... | ... | ...

টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে জেলে, শ্রমিক ও শিক্ষার্থীরা


সংযুক্ত ছবি

গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টি, জলাবদ্ধতা ও কাদাময় সড়কের কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলে, দিনমজুর, নির্মাণশ্রমিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে অনেক জেলে মাছ ধরতে নদীতে যেতে পারছেন না। জীবিকার তাগিদে যারা নদীতে নামছেন, তারাও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন। এতে জেলে পরিবারগুলোর জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, টানা বৃষ্টির কারণে নির্মাণকাজসহ বিভিন্ন শ্রমনির্ভর কাজ প্রায় বন্ধ রয়েছে। ফলে দিনমজুর ও নির্মাণশ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোও চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। বৃষ্টির কারণে স্কুল-কলেজগামী শিক্ষক ও শিক্ষার্থীরাও ব্যাপক দুর্ভোগে পড়েছেন। কাদামাখা সড়ক, জলাবদ্ধতা এবং যানবাহনের সংকটে অনেকেই সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। অনেক শিক্ষার্থী ভিজে বিদ্যালয় ও কলেজে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে আসা সাধারণ মানুষও বিপাকে পড়েছেন। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় চলাচল কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বেচাকেনাও উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। টানা বৃষ্টিতে ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে গেছে, আবার কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তার সংস্কার এবং দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।