উপজেলার রাজস্ব উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও গরুর বাছুর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুইজনকে পুনর্বাসন এবং উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২৯ জুন) রায়পুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে অতিথিরা উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, হুইল চেয়ার ও গরুর বাছুর তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেলাই মেশিন পাওয়া এক নারী উপকারভোগী বলেন, “আগে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হতো। এখন সেলাইয়ের কাজ করে নিজের আয় করার সুযোগ পাব।” হুইল চেয়ার পাওয়া এক উপকারভোগী বলেন, “চলাফেরার জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এই সহায়তা আমার দৈনন্দিন জীবন অনেক সহজ করে দেবে।” আরেক উপকারভোগী বলেন, “সরকারি এই সহায়তা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে নতুনভাবে জীবন শুরু করার সাহস পাচ্ছি।” অনুষ্ঠান শেষে অতিথিরা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।