লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুরে অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সংঘবদ্ধভাবে সমবেত হয়ে স্লোগান দেওয়া ও ভাঙচুর চালানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জুন) ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের বাসিন্দা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-১৫, তারিখ ২২ জুন ২০২৬। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি প্রাঙ্গণে আসামিরা সংঘবদ্ধভাবে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাবুসহ আরও অনেকে। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সংঘটিত ঘটনাও ওই অভিযোগের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রামগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।