পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় তিনি অসন্তোষ জানান। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও সংস্কার এবং সড়ক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এসবের কোনো দৃশ্যমান অগ্রগতি আমার চোখে পড়েনি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বলেন, তাঁর উদ্যোগে মাত্র এক মাসের মধ্যে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন সম্ভব হয়েছে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। একসময় এটি বাস্তবায়ন অসম্ভব মনে হলেও এখন সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। আশা করছি, অচিরেই এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে। তিনি জানান, লক্ষ্মীপুরে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জেলাবাসী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ও পেতে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যারা দুর্নীতিতে জড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, টুমচর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকীসহ জেলার বিভিন্ন সুধীজন, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।