| ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুই যুবকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের ভাড়াটে খুনি বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকরা হলেন, রামগঞ্জ উপজেলার দুধরাজপুর এলাকার নূর হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (৩২), একই উপজেলার নাগমুদ বাজার মধ্যপাড়া এলাকার রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫) এবং বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫)। পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও জব্দ করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।" তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা এবং তাদের ভাড়াটে খুনি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।