প্রকাশ : ... | ... | ...

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়পুরের হিরো


সংযুক্ত ছবি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃতি সন্তান হারুন অর রশীদ হিরো। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন হারুন অর রশীদ হিরো। নবনিযুক্ত এ নেতা রায়পুর উপজেলার চরমোহন ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় হারুন অর রশীদ হিরো বলেন, “জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ জানাই। দলের নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।” এদিকে, তার এই মনোনয়নে নিজ এলাকা রায়পুরসহ লক্ষ্মীপুর জেলায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন সহকর্মী ও সমর্থকরা।