আবদুল আলীম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে পূর্বে ঘোষিত লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন। বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে অনুমোদিত ১০১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটির মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা। জানা গেছে, নতুন কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে বেগবান করা, দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি আবদুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের ঐতিহ্য, আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা আরও সুদৃঢ় করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এদিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেছেন।