প্রকাশ : ... | ... | ...

রায়পুরে ডাকাতিয়া সংযোগ খালে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীর সংযোগ খালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গড়ে ওঠা ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় তিনটি সেতুও (ব্রিজ) অপসারণ করা হয়। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বংশী ব্রিজ এলাকা থেকে খাসেরহাট বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে বংশী ব্রিজ এলাকায় নির্মিত তিনটি ব্রিজসহ ৬১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারি ১২ কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম দিনের অভিযান বিকেল সোয়া ৫টায় শেষ হয় এবং পরবর্তী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, একটি চক্র প্রভাবশালীদের অবৈধ স্থাপনা রক্ষা করতে প্রশাসনকে বিভ্রান্ত করে পৃথকভাবে খাল খননের কাজ করছিল। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়। পাউবোর লক্ষ্মীপুরের উপবিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র জানান, ডাকাতিয়া নদীর সংযোগ খালে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে এ অভিযান পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল থেকেও অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, উপজেলার তিনটি ইউনিয়নে খাল খনন কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে প্রয়োজনীয় নথি প্রক্রিয়া সম্পন্ন করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে অবৈধ স্থাপনাকারীদের উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছিল।