প্রকাশ : ... | ... | ...

রায়পুরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ ৮ পরিবার


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে প্রায় ৩০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবদুর রহিম পাটোয়ারী ও তাঁর স্ত্রী হাজেরা বেগমের বিরুদ্ধে। এতে আটটি পরিবার অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রোববার (১৯ জুলাই) সকালে ভুক্তভোগী প্রবাসফেরত বাবুল পাটোয়ারী, জাহাঙ্গীর, হাসিনা বেগম ও শাহিনুর বেগম জানান, হাসন আলী পাটোয়ারী বাড়ির আটটি পরিবার প্রায় ৩০ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু গত দুই মাস ধরে রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের অভিযোগ, বর্তমানে সাইকেল নিয়েও বাড়িতে প্রবেশ করা যাচ্ছে না। বাজার থেকে জিনিসপত্র কিনে অন্য পথ ঘুরে মাথায় করে আনতে হচ্ছে। পরিবারের কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়াও সম্ভব হচ্ছে না। আটটি দিনমজুর পরিবারের প্রায় ৪৫ জন সদস্য, যাদের মধ্যে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীও রয়েছে, গত দুই মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর-খাসেরহাট সড়কের পাটোয়ারী রাস্তার মাথা পার হয়ে হাসন আলী পাটোয়ারী বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, ওই রাস্তা বন্ধ করে আবদুর রহিম পাটোয়ারী ও তাঁর স্ত্রী হাজেরা বেগম ভবন নির্মাণ করছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল পাটোয়ারী আদালতে একটি মিস মামলা (নং ৪১৪/২০২৬) দায়ের করেছেন। বাবুল পাটোয়ারী বলেন, “আমার পরিবারের দুজন সদস্য প্রায়ই অসুস্থ থাকেন। তাদের চিকিৎসকের কাছে নিতে হলে কাঁধে করে নিয়ে যেতে হয়। মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। পরিবারের কোনো সদস্য মারা গেলে জানাজায় মানুষ আসতেও কষ্ট হবে। আমরা চরম মানবেতর জীবনযাপন করছি।” সুমাইয়া বেগম বলেন, “আমরা গরিব মানুষ, আমাদের কথা বলার জায়গা নেই। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। অনেকের কাছে গিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। তারা দাবি করছে রাস্তার জায়গাটি তাদের।” স্থানীয় বাসিন্দা হাসন আলী বলেন, “এটি প্রায় ২০ বছরের পুরোনো রাস্তা। আবদুর রহিম ও তাঁর স্ত্রী হাজেরা বেগমসহ তাদের ছেলেরা এখন রাস্তাটি নিজেদের দাবি করে বন্ধ করে দিয়েছেন। কেউ রাস্তা দিয়ে চলাচল করলে হুমকি দেওয়া হচ্ছে।” অবরুদ্ধ পরিবারের সদস্যদের অভিযোগ, রাস্তা বন্ধকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং বিএনপি-সমর্থক হওয়ায় তারা প্রভাব খাটাচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবদুর রহিম পাটোয়ারী ও তাঁর স্ত্রী হাজেরা বেগম। তারা বলেন, “আমরা আমাদের পৈত্রিক জমিতে ভবন নির্মাণ করছি। আগে জমির সঠিক পরিমাপ করা হয়নি। এখন পরিমাপ করে দেখা গেছে, সম্পূর্ণ রাস্তার জায়গাটি আমাদের জমির ওপর। বাবুল পাটোয়ারী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছেন।” সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন, “রাস্তার জায়গাটি তাদের হলেও দীর্ঘদিন ধরে বাড়ির মানুষ চলাচলের জন্য এটি ব্যবহার করে আসছেন। আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি, কিন্তু আবদুর রহিম আমাদের কথা শুনছেন না। ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন এবং ইউএনওর কাছেও অভিযোগ দিয়েছেন।” রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান, ভুক্তভোগী বাবুল পাটোয়ারী আবদুর রহিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, “বুধবার গণশুনানির সময় দুই পক্ষকে নিয়ে বিষয়টি শুনানি করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”