লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ হানিফ মিয়া (৭০) হত্যার মামলার আসামি বারেক মিয়া (৫৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৭ জুন) রাত ৮টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে র্যাব থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। তিনি আরও জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। র্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এবং র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে শনিবার (৬ জুন) দুপুরে দিনাজপুর জেলার বিরল থানার একটি এলাকা থেকে মো. বারেককে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকালে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গোয়ালঘর নির্মাণের জন্য মাটি কাটছিলেন হানিফ মিয়া। এ সময় আসামি বারেক মিয়া তাকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ছেলে আলমগীর হোসেন রিপন বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।