প্রকাশ : ... | ... | ...

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে দুটি ট্রলারে অর্ধশতাধিক লোক মেঘা চরের একটি অংশ দখলের উদ্দেশ্যে যায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা চরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কৃষকদের একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান নেয়। বাধার আশঙ্কায় কাদেরের নেতৃত্বাধীন লোকজন ট্রলার থেকে চরে নামেননি। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ট্রলারে অবস্থান করেন। এদিকে কৃষকরাও চরে অবস্থান নেন। পরে মজুচৌধুরীরহাট নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেয়। পরে সদর থানা-পুলিশও সেখানে অবস্থান নেয়। পুলিশি হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কৃষকদের অভিযোগ, চরের জমি ব্যবহারের জন্য বিএনপির কয়েকজন নেতা বছরে একরপ্রতি ২০ হাজার টাকা দাবি করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের উচ্ছেদ করে চর নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের। তার দাবি, নেতাকর্মীরা চরে পিকনিক করতে গিয়েছিলেন। চর দখল বা টাকা দাবির কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের একটি অংশের মধ্যে চর নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতার অভিযোগও করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। চরের জমি নিয়ে এই বিরোধে এখন সাধারণ কৃষকদের জমি ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।