প্রকাশ : ... | ... | ...

মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী


সংযুক্ত ছবি

দেশকে মেধাশূন্য করতে আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করতে একটি চক্রান্ত চলছে। তাই তরুণ সমাজকে আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, লক্ষ্মীপুরে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভার আশপাশে প্রায় ১০০ থেকে ১৫০ একর জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে। এতে স্থানীয় শিক্ষার্থীরা বাড়ির কাছেই উচ্চশিক্ষার সুযোগ পাবে। পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।