"মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, বশিকপুরে মাদক চলবে না"—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর এলাকা। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আল আমিনের নেতৃত্বে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে এলাকার তিনটি মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি সোবহান বাজার প্রদক্ষিণ করে পুনরায় কাশিপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আল আমিন বলেন, "মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বশিকপুরে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।" এ সময় বক্তব্য দেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।