লক্ষ্মীপুরে ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে হালচাষের ট্রাক্টরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ট্রাক্টরচালক রুবেলকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। প্রাণভয়ে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। পরে তার ট্রাক্টরটি পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্য চর রমনী গ্রামের দুর্গম চরে এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, সোমবার রাতে কৃষক সালাহউদ্দিন তার জমিতে হালচাষের জন্য ট্রাক্টরচালক রুবেলকে ফোনে জানান। মঙ্গলবার দুপুরে রুবেল জমিতে চাষাবাদ শুরু করলে কিছুক্ষণ পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে হালচাষে বাধা দেন। অভিযোগ রয়েছে, এ সময় তারা ৩ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে চালককে মারধর করে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়া হয়। কৃষক সালাহউদ্দিন জানান, তিনি তার নিজস্ব জমিতে চাষাবাদের জন্য রুবেলকে ডেকেছিলেন। ঘটনার সময় তিনি লক্ষ্মীপুর শহরে ছিলেন। কেন তার জমিতে চাষে বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তবে জমি নিয়ে কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই বলে দাবি করেন। ট্রাক্টরচালক রুবেল বলেন, স্থানীয় বিএনপি নেতা কিরণ, মিলন ও ছাত্রদল নেতা রাসেলসহ কয়েকজন হঠাৎ এসে ট্রাক্টর বন্ধ করতে বলেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। প্রাণভয়ে ট্রাক্টর রেখে দৌড়ে পালিয়ে গেলে তারা ফাঁকা গুলি ছুঁড়ে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেওয়া সোনালিকা ট্রাক্টরের মালিক গিয়াসউদ্দিন বলেন, প্রায় ২০ লাখ টাকা মূল্যের ট্রাক্টরটি কিস্তিতে কেনা হয়েছে, যার কিস্তি এখনও পরিশোধ হয়নি। দুর্গম চরের কৃষিজমিতে হালচাষের কাজে ব্যবহৃত এই ট্রাক্টরটি প্রতিহিংসার বশে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযুক্ত ছাত্রদল নেতা রাসেল মাহমুদ ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করলেও ট্রাক্টরে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, তিনি ঘটনাস্থলে যাননি। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে একপক্ষ হামলা চালালে বিকেলে তাদের ওপর পাল্টা হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।