প্রকাশ : ... | ... | ...

কিডনি রোগে জীবনসংকটে কোহিনূর, তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের বাসিন্দা কোহিনূর বেগম (নাম) প্রতিদিনই লড়ছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জটিল কিডনি রোগে আক্রান্ত এই তিন সন্তানের জননীর জীবন এখন নির্ভর করছে নিয়মিত ডায়ালাইসিসের ওপর। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে পড়েছে। মুর্দা মার্কেট সংলগ্ন রাজুলের পুতের বাড়িতে বসবাসকারী কোহিনূর দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতি সপ্তাহে অন্তত দুইবার ডায়ালাইসিস করতে হয়। পাশাপাশি নিয়মিত ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়ও বহন করতে হচ্ছে। কোহিনূরের স্বামী হোসেন আহমেদ একজন কৃষক। কৃষিকাজ করে যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চললেও স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পরিবারের দাবি, ডায়ালাইসিস, ওষুধ ও অন্যান্য চিকিৎসা মিলিয়ে প্রতি সপ্তাহে প্রায় ২০ হাজার টাকা প্রয়োজন হয়। স্বজনরা জানান, কোহিনূরের চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে ধার-দেনা করতে করতে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোহিনূরের তিন সন্তান প্রতিদিন মায়ের সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছে। পরিবারটির দাবি, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে আন্তরিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। সহযোগিতা (বিকাশ): ০১৮৬৪৯২৯২৬০ পরিবারের সদস্যদের ভাষ্য, সবার সামান্য সহযোগিতাই একজন অসহায় মায়ের জীবন বাঁচাতে এবং তিনটি সন্তানের মাথার ওপর মায়ের স্নেহের ছায়া ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।