প্রকাশ : ... | ... | ...

ভাতার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপির দুই নেতা পদ হারালেন


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ। শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হারুন অর রশিদ ও মো. ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তাঁরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। অব্যাহতি পত্রের অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে। খোরশেদ আলম বলেন, ওই ওয়ার্ডের একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তিনি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঘটনাটি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তবে হারুন অর রশিদ ও মো. ইউছুফের দাবি, টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। এ বিষয়ে খোরশেদ আলম বলেন, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিএনপির কোনো পদে নেই। তাই তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হওয়ায় হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শনিবার দুপুরে হারুন অর রশিদ ও মো. ইউছুফের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।