প্রকাশ : ... | ... | ...

মাদকমুক্ত রামগঞ্জ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম পিন্টু, মো. আবুল বাশার সতু এবং পৌর বিএনপির সেক্রেটারি গিয়াস উদ্দিন পলাশ। এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রামগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর পদক্ষেপের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রেখে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।