লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে খালের পানিতে শিশুটির জুতা ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে মমিনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মমিন রায়পুর পৌরসভার বয়াতি বাড়ির অটোরিকশাচালক মো. দিদার হোসেন মনার ছেলে। তার মা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শিশুটির বাবা জানান, দুপুরে বাড়ির পাশে খালের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মমিন। একপর্যায়ে পা পিছলে সে পানিতে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। খোঁজখবর নেওয়া হবে।