‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে পূবালী ব্যাংক পিএলসির রায়পুর শাখার উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) ভিত্তিক ডিজিটাল পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও নোয়াখালী অঞ্চলের প্রধান মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন টিপু, সফিকুল আলম আলমাস এবং অ্যাডভোকেট আবদুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির রায়পুর শাখার ব্যবস্থাপক রতন চন্দ্র দাস। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘এক দেশ, এক কিউআর কোড’ একটি যুগান্তকারী উদ্যোগ। এ কার্যক্রমের মাধ্যমে রায়পুর উপজেলাকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক। বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান জিলানি ট্রেডার্স, ইয়াসিন ট্রেডার্স, তাজ লাইভ বেকারি এবং খান ট্রেডার্সে বাংলা কিউআরের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। পরে সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুবিধা সম্পর্কে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়