প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ‘খোরশেদ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয়দের দাবি, তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, খোরশেদ মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামে প্রতিপক্ষের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এর জের ধরেই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।