লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৫৬টি প্লেয়িং কার্ড ও নগদ ১৭ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ত্রিপলও উদ্ধার করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর উভূতি এলাকায় একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আমিনের ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকার ইউসুফ (৩৩), লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর উভূতি এলাকার ইসমাইল জবিউল্যাহ (৪৬), কমলনগরের তোরাবগঞ্জ এলাকার মাসুদ আলম (৩৭) এবং সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর উভূতি এলাকার বেল্লাল (৩৮)। ডিবি পুলিশের ভাষ্য, অভিযানের সময় ওই চারজনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিন বান্ডিল প্লেয়িং কার্ড, একটি ত্রিপল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।