লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আবু সিদ্দিক পাটোয়ারী, তাঁর ৮ বছরের নাতি পিয়াস ও ৬ বছরের নাতনি পপি আক্তার। স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর আর উঠে আসেননি। পরে দাদাকে খুঁজতে পানিতে নামে পিয়াস ও পপি। তারাও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক স্ট্রোক করে আর উঠতে পারেননি। তাঁকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দুই শিশুও ডুবে যায়। শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।