প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে এক চিহ্নিত মাদক কারবারির বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, কয়েকটি ছুরি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের রমজান আলী মোক্তার বাড়িতে এ অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আবুল হোসেনের ছেলে সাকিব হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, গোপন তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি সাকিব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক সাকিব হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ছয়টি মামলা রয়েছে।