আগামী ৭২ ঘণ্টার মধ্যে লক্ষ্মীপুরের নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে এ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৬ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে ভারতের ওড়িশা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড অঞ্চলের মৌসুমি নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলেও সাময়িক প্লাবনের আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।