প্রকাশ : ... | ... | ...

স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে, ৪ সন্তানের জননীর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ


সংযুক্ত ছবি

স্বামীকে ইতালিতে রেখে দেশে ফিরে পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের মুন্নী আক্তার জেসমিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্বামীকে তালাক না দিয়েই তিনি প্রেমিক সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেছেন। একই সঙ্গে স্বামীর দেওয়া ২৫ ভরি স্বর্ণ ও প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনায় ইতালি প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও মুন্নীর বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। ২০০৯ সালে মুন্নীকে ইতালি নিয়ে যান জাকির। সেখানে একাধিক বাংলাদেশি যুবকের সঙ্গে মুন্নীর পরকীয়ার সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা বলে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন মুন্নী। এরপর থেকে স্বামী জাকিরের সঙ্গে তিনি যোগাযোগ রাখেননি বলে অভিযোগ। পরে রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন চুট্টুকে তিনি বিয়ে করেন। অভিযোগে আরও বলা হয়, ইতালি থেকে দেশে ফেরার সময় মুন্নী জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণ, নগদ টাকা এবং তাঁর এটিএম কার্ড নিয়ে আসেন। এসবের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। জাকিরের বোন মারুফা বেগম বলেন, মুন্নী তাঁর ভাইকে তালাক না দিয়েই অন্য একজনকে বিয়ে করেছেন। স্বর্ণালংকারসহ প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে তাঁর পরিবারের সদস্যদের অসহায় অবস্থায় ফেলেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। তবে মুন্নী আক্তার জেসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ইতালিতে জাকির তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এ কারণে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। তিনি কোনো টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেন। তবে জাকিরকে তালাক না দিয়েই বিয়ে করার বিষয়টি স্বীকার করেন তিনি। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।