প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদা দাবির পর হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রোববার সন্ধ্যায় ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে একে একে ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করা হয় এবং ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যাওয়া হয়। হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী বলে দাবি করেন তাঁরা। এর আগে চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, “স্বার্থসংশ্লিষ্ট কারণে কেউ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। তবে এ ঘটনায় আমাদের কেউ জড়িত নয়।” সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “অপরাধী যে-ই হোক, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।”