নতুন কোনো করারোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি টাকার বেশি আয়-ব্যয়ের বাজেট ঘোষণা করেছে লক্ষ্মীপুর পৌরসভা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক সম্রাট খীসা এ বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। ফলে বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা। বাজেট বক্তব্যে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, এ বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নতুন অর্থবছরে সরকারি প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে আগামী দিনে পৌরসভার আরও কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।