লক্ষ্মীপুরের রায়পুরে শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিরিন আক্তার রাখালিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসফেরত বশির আহম্মেদের স্ত্রী। তাদের এক কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় চার বছর আগে রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের মহিলা কলেজ-সংলগ্ন সরকারি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় বহুতল ভবন নির্মাণ করেন বশির আহম্মেদ। প্রায় দুই মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই থাকত। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিসও হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও তীব্র বাকবিতণ্ডা হয়। বুধবার সকাল ১০টার দিকে পাশের ভাড়াটিয়ারা শিরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে দুপুর ১টার দিকে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ হেফাজতে থাকা স্বামী বশির উল্যা দাবি করেন, সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে তার স্ত্রী রাগ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে তিনি আর কিছু জানেন না বলে দাবি করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম ভূঁইয়া বলেন, “জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশিরকে আটক করা হয়েছে। মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”