‘এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল’—বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালির আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ছয় মাসে বিরোধী দল একদিনও আন্দোলন থেকে বিরত থাকেনি। তারা বিভিন্ন সময় হুঙ্কার দিয়েছে। এনসিপি ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, লং মার্চে দেওয়া বক্তব্যের সঙ্গে ফ্যাসিস্টদের বক্তব্যেরও পার্থক্য নেই।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সবাই একটি সুন্দর বাংলাদেশ চায়। সরকার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছে, কিন্তু বিরোধীরা আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলন এক দফায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এক দফার হুঙ্কার না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল। ১৭ বছর রাজপথে লড়াই করে দলটি আজকের অবস্থানে এসেছে।
তিনি আরও বলেন, ছয় মাসে একটি সরকারের পক্ষে সব কাজ শেষ করা সম্ভব নয়। দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সংকটে রয়েছে। অন্তর্বর্তী সরকার আগে থেকেই এসব সংকট সমাধানে কাজ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। তবে ছয় মাসের মাথায় গ্যাস ও বিদ্যুতের দাবিতে লং মার্চের কর্মসূচি সাধারণ মানুষ গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
পরে আদর্শ সামাদ মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিল্লাহ জামে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাছিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।