কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম—৫৫ দশমিক ৬১ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
জেলা প্রশাসনের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, লক্ষ্মীপুরে মোট ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন।
জেলার মধ্যে ফলাফলের দিক থেকে রায়পুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে।
এবার লক্ষ্মীপুর জেলায় পাসের হার আগের বছরের তুলনায় বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।