লক্ষ্মীপুরে সুপারি পাড়তে অস্বীকৃতি জানানোয় রিশাদ নামে ১২ বছরের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতু ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে। আর অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
স্বজনদের অভিযোগ, রুবেল মাদকাসক্ত। তিনি রিশাদকে সুপারি পাড়তে বলেন। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রুবেল শিশুটির পেটে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই রিশাদের মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শামীম আফজাল জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক আঘাত রয়েছে।
এ ঘটনায় মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।