লক্ষ্মীপুরের রায়পুরে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০১ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
একই অনুষ্ঠানে বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন বিষয়ে নতুন করে ২৫০ জন তরুণকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি পূর্বের ৫০ প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সনদপত্র।
রোববার দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আয় করতে পারবেন। এতে বেকারত্ব কমার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রশিক্ষণার্থী তিন্নি আক্তার জানান, প্রশিক্ষণ নিয়ে তিনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করছেন। ইতোমধ্যে স্থানীয় বাজারে বিভিন্ন কাজ করে ৭ হাজার ১৬৬ টাকা আয় করেছেন তিনি।
এদিকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় উৎসাহ বাড়াতে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘I LOVE RAIPUR’ লেখা একটি স্থাপনাও উদ্বোধন করা হয়।