লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় ১২ আগস্ট রায়পুর থানায় মামলা করা হয়।
মামলার রহস্য উদঘাটনে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবার তত্ত্বাবধানে রায়পুর থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোর ফাহাদ হোসেন (১৬) ও সিফাতকে (১৭) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুইটি আক্তার, খোকন সর্দার ও শ্রী সুমন বণিকের সহায়তায় স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের এ অভিযানে চুরি যাওয়া স্বর্ণের একটি অংশ উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।