পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন। তিনি সেই স্বপ্নের মধ্যে থাকতে চান না, বরং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান। তাঁর সেই তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থেকে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। এত অল্প সময়ে সব কাজ শেষ করা সম্ভব নয়। এটা বিরোধী দলের বোঝা উচিত। ছয় মাসের মাথায় তাঁরা লং মার্চ করবেন—এটা কোনো সমাধান নয়। আমরা ফটোসেশন বা ফটোশোর রাজনীতি করি না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। সামাজিক আন্দোলনের অন্যতম লক্ষ্য হলো মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। গত ১৭ বছরের প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই এখনো কলকাঠি নাড়ছেন। যারা মাদকের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কৃষক দলের মোস্তাফিজুর রহমান সোহেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।